কালীগঞ্জ বাজারের বেহাল দশা, ব্যবসায়ীদের মাথায় হাত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রধান বাজারটির বেহাল দশায় ক্রেতা-বিক্রেতারা পড়েছেন মহা বিপাকে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারে ক্রেতা সমাগম যেমন হওয়ার কথা ছিল তা পিছিয়ে পড়েছে শুধুমাত্র বাজারটির করুণ অবস্থার কারণে। আর এতে করে স্থানীয় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছেন।
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, চলমান বর্ষায় বাজারের অবস্থা এমন হয়েছে চাইলে যে কেউ এখানে ধানের চারা রোপন করতে পারবে। শুধু যে চলতি বর্ষায় বাজারের এই অবস্থা তা নয়। প্রতি বছর বর্ষাকাল এলেই বাজারের এমন করুণ পরিণতি হয়। কিন্তু তারপরও স্থানীয় ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাজার কমিটি কোনো প্রকার ব্যবস্থা নেননি।
জানা যায়, বর্ষাকাল এলে বাজারের ভেতরে ছোট ব্যবসায়ীদের যেমন দুর্ভোগ পোহাতে হয় তেমনি বড় বড় পাইকারি বিক্রেতাদেরও সমান দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বাজারের ড্রেনেজ ব্যবস্থা যথাযথ না থাকায় টানা বৃষ্টিতে বাজারের পানি জমে থাকে। কাঁদা আর পানিতে সাধারণত ক্রেতা সমাগম হয় কম। আর এ কারণে ঈদকে সামনে রেখে স্থানীয় বাজার ব্যবসায়ীরা বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছেন। তাই বাজারটি সংস্কার করে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার দাবি জানান স্থানীয় ছোট-বড় সকল ব্যবসায়ীরা।
কালীগঞ্জ পৌর মেয়র ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. লুৎফুর রহমান জাগো নিউজকে বলেন, আসলে বাজারের এমন পরিস্থিতি দেখে আমারও খারাপ লাগে। কিন্তু কী করবো বলেন? পৌরসভার বাজেট খুব কম। তাই এ অবস্থা। দেখি ঈদে কতদূর কী করা যায়।
আব্দুর রহমান আরমান/এমজেড/এমএস