উখিয়ায় অস্ত্রসহ ২ যুবক আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার দোছড়ি জালালতলী বিল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- উখিয়ার দক্ষিণ ফলিয়ারপাড়ার মতিউর রহমানের ছেলে মো. শাহাজাহান (৩৫) ও ইসমাইল হোসেনের ছেলে কামাল হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্বৃত্তায়নের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, উখিয়ার দোছড়ি জালালতলী বিল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে তার নেতৃত্বে র্যাববের একটি দল অভিযানে যায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও দলের সদস্য শাহজাহান ও কামাল আটক হন। তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ৩টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি, ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসা জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে অস্ত্র আইনে মামলা করে আটকদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাবর-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, র্যাবব-৭, চট্টগ্রাম ২০১৭ সালের ১ জানুয়ারি হতে ২৯ ডিসেম্বর পর্যন্ত পৃথক অভিযানে সর্বমোট ৩০০টি বিভিন্ন ধরণের অস্ত্রসহ ৪৬টি ম্যাগজিন এবং ৩ হাজার ৪৭৬ রাউন্ড বিভিন্ন ধরণের গুলি-কার্তুজ জব্দ করেছে। পাশাপাশি ৬৯ লাখ ২১ হাজার ২৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ৯২৩ বোতল বিদেশি মদ ও বিয়ার, ৫ লাখ ১২ হাজার ১৭৫ লিটার দেশীয় তৈরি মদ, ৭১৮ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম জব্দ করে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস