সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৯ মার্চ ২০২৬
মূল সড়ক থেকে নিজ বাড়ির উঠান পর্যন্ত রাস্তা নিয়ে গেছেন ইউপি সদস্য/ছবি-জাগো নিউজ

পিরোজপুরের জিয়ানগরে সরকারি রাস্তা সংস্কারের বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মিজান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) জিয়ানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলা পরিষদের ২০২৫০-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালাইয়া গ্রামের রুস্তম মল্লিকের বাড়ি থেকে মামুন হাওলাদারের বাড়ি অভিমুখী রাস্তা মাটির কাজসহ ইট সলিং করে পুনর্নির্মাণের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি।

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

তবে সরেজমিনে দেখা যায়, বরাদ্দকৃত রাস্তায় কাজ না করে ওই প্রকল্পের ইট ব্যবহার করে ইউপি সদস্য মিজান হাওলাদারের নিজ বাড়িতে প্রবেশের রাস্তা ইট সলিং করেছেন।

মামুন হাওলাদার স্থানীয় ওই ইউপি সদস্যের আপন ভাই এবং তারা একই বাড়িতে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা রুস্তম মল্লিক, রুবেলসহ একাধিক ব্যক্তি জানান, তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে এলাকার অনেক মানুষ চলাচল করলেও রাস্তা সরু হওয়ায় ভ্যান বা রিকশা চলাচল করতে পারে না। তারা অভিযোগ করেন, সরকারি বরাদ্দের কাজ না করে ইউপি সদস্য নিজের বাড়ির রাস্তা নির্মাণ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. মিজান হাওলাদার বলেন, ‌‘সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে বাড়ির রাস্তা নির্মাণ করা যায় কি-না সেটা আমার জানা নেই। বরাদ্দের কাগজপত্রে ভুলও থাকতে পারে। বিষয়টি নিয়ে সরাসরি সাক্ষাৎ করে বিস্তারিত জানাবো।’

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মিজান হাওলাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, প্রশাসন সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।