যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী পালসার বাবু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার ভোরে কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই কনস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত সন্ত্রাসী পালসার বাবু (৩০) ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে।

যশোর-৬ ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ার একটি বাড়িতে একদল অস্ত্রধারী গোপন বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাব সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এ সময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, সন্ত্রাসী পালসার বাবুর বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।