আ.লীগ কর্মী হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:২৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজু সরদারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে যশোরের মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘রোববার ভোরে স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।’

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রাজু সরদার (২৮) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি। গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হন।

এদিকে একদিন আগে শনিবার ভোরে ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বাবু হাসান ওরফে পালসার বাবু নিহত হয়েছেন। ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।