অস্ত্রধারী নিয়াজুলের পক্ষে সাফাই গাইলেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর নেতৃত্বে বিএনপির ক্যাডাররা সাধারণ হকারদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

তিনি বলেছেন, ভোটের আগে গরিব মানুষকে মা, বাবা, সোনা বলে ভোট চাইবেন। ভোট শেষে তাদেরকে লাঠিপেটা করে রাস্তা থেকে তাড়িয়ে দেবেন তা করতে দেয়া হবে না।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে হকার ইস্যুতে মেয়র আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এমপি শামীম ওসমান সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ওই ঘটনা নিয়ে শামীম ওসমানের সঙ্গে আইভীর কোনো লড়াই না। এটাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু লোক এবং মেয়র আইভী নিজেই আমাকে জড়ানোর চেষ্টা করছেন।

এ সময় শামীম ওসমান আরও অভিযোগ করেন মেয়র আইভীর বন্ধু আবু সুফিয়ান ও বিএনপির ক্যাডার সুমন হকারদের ওপর গুলি চালিয়েছে।

মঙ্গলবার সংঘর্ষের সময় যুবলীগ নেতা নিয়াজুল পিস্তল উচিয়ে গুলি করার চেষ্টা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, নিয়াজুল আমার কর্মী ছিলেন। তার ভাই সুইট আওয়ামী লীগের নেতা ছিলেন। নিয়াজুল শহরের বড় একটি মার্কেটের মালিক। নিয়াজুল একা হেঁটে আসার সময় তাদের মিছিল থেকে তিনবার মাটিতে ফেলে তাকে ১০ মিনিট ধরে পেটানো হয়। চতুর্থবার বাধ্য হয়ে নিয়াজুল লাইসেন্স করা পিস্তল বের করে। তার পিস্তলটি খোয়া গেছে। কিন্তু পুলিশ মামলা নেয়নি। আমার কাছে সেই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সেই ভিডিও দেখলে প্রমাণ হয়ে যাবে কে হকারদের গুলি করলো। কীভাবে হকারদের পেটানো হলো। প্রশাসনের লোকজন ঘটনার তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

শামীম ওসমান আরও বলেন, মঙ্গলবার বিকেলে আমাকে পুলিশ থেকে জানানো হলো আইভী মিছিল করে আসবেন। আমি তখন হকারদের বলে দিলাম কেউ বাধা দেবেন না। আইভী তার কাজ করুক। কিন্তু পরে জানলাম যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপির ক্যাডার সুমন, জোড়া খুনের মামলার আসামিসহ লোকজন নিয়ে আইভী মিছিল করে আসছেন।

শামীম ওসমান বলেন, ওই মিছিল চাষাঢ়ায় আসার পর সুমন নামের একজনকে গুলি করতে দেখা গেছে। সঙ্গে থাকা সুফিয়ানকেও (জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) দেখলাম অস্ত্র বের করে গুলি করতে। কিন্তু এগুলো মিডিয়াতে আসেনি। বার বার নিয়াজুলকে শামীম ওসমানের লোক বলা হলো। বিএনপির লোকজন আইভীর কাঁধে ভর করে আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা চালিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন যেভাবে তারা আমার নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছিল এখনো সেভাবে হামলা চালাচ্ছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।