মন্ত্রণালয়ের কাজ আমার কাছে পানির মতো : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

নিজ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জিং কাজকে এক গ্লাস পানির সঙ্গে তুলনা করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তবে এটি আমার কাছে কঠিন কাজ নয়। এটি আমার কাছে এক গ্লাস পানি পানের মতো সহজ। সবাইকে নিয়ে বিমানকে আরও জনবান্ধব করতে চাই।

তিনি আরও বলেন, অতীতে ভুল হলেও এখন আর ভুল করার সু্যোগ নেই। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। এখান থেকে আমি বদনাম নিয়ে যেতে চাই না। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ ও অাধুনিকায়নে সাড়ে চারশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, আগামী দুই শুষ্ক মৌসুমের মধ্যে এ কাজ শেষ হবে। এ কাজ শেষ হলে সিলেটে বড় বড় বিদেশি বিমান সরাসরি ওঠা-নামা করতে পারবে। সেই সঙ্গে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান ও ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।

ছামির মাহমুদ/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।