গরিবের পেটে লাথি মারা আমাদের রাজনীতি : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে আমাদের স্বপ্নকে।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা চেয়েছিল বাঙালি জাতিকে পথের ফকির বানিয়ে রাখবে। বঙ্গবন্ধুকে হত্যা করেও তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তারই কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশের রাজনীতি এখন ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে। শুধু রাজনীতি নয়, চাটুকারের কারণে সাংবাদিকতা, শিক্ষকতা পেশাসহ বিভিন্ন পেশা আজ নষ্ট হয়ে গেছে। ভণ্ডামিতে ভরে গেছে রাজনীতি। ভোটের আগে গরিবের হাতে পায়ে ধরে ভোট চাওয়া, ভোট শেষ হলে গরিবের পেটে লাথি মারা হলো আমাদের রাজনীতি।
শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর জন্য হাজারো কেক কাটলে, হাজারো ছবি আঁকলে তার নামে বিল্ডিং করলে এবং তার নামে রাস্তার নামকরণ করলে বঙ্গবন্ধুর সম্মান হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর সম্মান করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা, দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, দেশের মানুষ না খেয়ে থাকবে না। আমরাই পারি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে।
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংয়ের সভাপতিত্বে কলেজের ছাত্র সংসদের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী ও মহানগর মহিলালীগের আহ্বায়ক সুইটি প্রমুখ।
এর আগে দেশের খ্যাতিমান ও বরেণ্যদের জীবন আদর্শ, ইতিহাস ও ঐতিহ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে সরকারি তোলারাম কলেজের সীমানাপ্রাচীরে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন কনে শামীম ওসমান।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম