প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
যশোরে প্রতিপক্ষের হামলায় আহত ইজিবাইক চালক রুবেল হোসেন মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২০ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় শহরের রেলগেট পশ্চিমপাড়ার গোলাম হোসেনের বাড়ির সামনে তার ওপর হামলা করা হয়। নিহত রুবেল একই এলাকার শহিদ ড্রাইভারের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা শহিদ জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় গত ২০ এপ্রিল (শুক্রবার) ইজিবাইক চালিয়ে রুবেল বাড়িতে ফিরছিল। এ সময় এলাকার গোলাম হোসেনের বাড়ির সামনে পৌঁছানো মাত্র খড়কি কলাবাগানপাড়ার মাদক বিক্রেতা দম্পতি রেখা-ফায়েকের ছেলে রমজান, কানা বাসারের ছেলে তুহিন, নজীরের ছেলে পলাশ এবং গাছির ছেলে মিল্টনসহ কয়েকজনে রুবেলকে ঘিরে ফেলে। এরপর তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রুবেলকে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সেখানে রুবেল মারা যায়।
মিলন রহমান/আরএ/জেআইএম