নাতনিকে শ্বশুরের সন্তান অপবাদে পুত্রবধূকে বাড়িছাড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৩ মে ২০১৮
ছবি-ফাইল

নাতনিকে শ্বশুরের সন্তান অপবাদ দিয়ে স্বামীসহ পরিবারের লোকজন এক গৃহবধূকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নারান্দি এলাকায় গত ৪ এপ্রিল ঘটে এ ঘটনা। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত পুত্রবধূ সোমবার (৩০ এপ্রিল) আড়াইহাজার থানায় শ্বশুরকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শ্বশুর উপজেলার হাইজাদি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী। তিনি একই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। ভুক্তভোগী ওই নারী একই উপজেলার দক্ষিণপাড়ার ছোট খামারচর এলাকার হোসন আলীর মেয়ে।

পুত্রবধূ থানায় অভিযোগ করেন, ছয় বছর আগে আনসার আলীর ছেলে বাবুর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে তাসমিহা নামে একটি তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে শ্বশুর আনসার আলী সুযোগ পেলেই পুত্রবধূকে উত্ত্যক্ত করাসহ মাঝেমধ্যেই কু-প্রস্তাব দিতেন। এ নিয়ে প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

ওই গৃহবধূ বলেন, এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন তাসমিহা আমার শ্বশুরের সন্তান বলে মিথ্যা অপবাদ দিয়ে ৪ এপ্রিল বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেও কোনো লাভ হয়নি।

বিষয়টি নিশ্চিত করে হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আনসার আলীর বিরুদ্ধে তার পুত্রবধূ আমার কাছে বিচার দিয়েছিল। ভুক্তভোগী পরে আসেনি। এতে বিষয়টি মীমাংসা করা যায়নি। তারা আসলে বিষয়টি মীমাংসা করে দেব।

গৃহবধূর ভাই হাফিজ বলেন, এ ব্যাপারে আমি পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের অবহিত করায় আমাকে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

আনসার আলীর কাছে এ বিষয়ে জানতে তার মোবাইলে কল দিলে তিনি ঘটনাটি মিথ্যা বলে ফোন কেটে দেন। পরে আবার তিনি ফোন করে বলেন, বিষয়টি পারিবারিক এবং তার স্বজনরা তার বিরুদ্ধে চক্রান্ত করছে।

আড়াইহাজার থানা পুলিশের ওসি এম এ হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।