যশোরে চরমপন্থী পরিচয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি অব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৪ মে ২০১৮
ছবি-প্রতীকী

যশোরে চরমপন্থী সংগঠনের পরিচয়ে ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে অন্তত ৪৫ জনকে এ ধরনের হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

এসব হুমকির প্রেক্ষিতে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক ৪টি সাধারণ ডায়েরি করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার যশোরের চোরমারা দীঘিরপাড় এলাকার এক গৃহবধূকে ফোনে চাঁদা দাবি করে সন্তান অপহরণের হুমকি দেয়া হয়েছে।

এর আগে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদার দাবিতে হত্যার হুমকির দেয়ার অভিযোগ পাওয়া যায়।

যশোরের চোরমারা দীঘিরপাড় এলাকার বাসিন্দা হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে তার প্রবাসী ভাইয়ের স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি (০১৯৯৫-৩০১০২৯) নম্বর থেকে ফোন করে চরমপন্থী সংগঠনের পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার বিকেলে হারুন যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে শহরের আরএন রোড শাখা বেস্ট ইলেক্ট্রনিকের ম্যানেজার হুমায়ুন কবীরের শোরুমে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করা হয় ০১৯৯৫-৩৮০৪৪৮ নম্বর ফোন থেকে।

অজ্ঞাত পরিচয় এক দুর্বৃত্ত এই ফোন করে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন। এ সময় ম্যানেজারকে বলা হয়, ‘পার্টির সদস্য তার কাছে যাবে। তাদের যেন এক লাখ টাকা দেয়া হয়। টাকা না দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে।

এরপর দুপুর সোয়া ২টার দিকে ফের তাকে ফোন করে নানা রকমের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ম্যানেজার হুমায়ুন কবীর যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

এর আগে গত ১০ ও ১১ মে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি করে হত্যার হুমকির দেয়া হয়। এ ঘটনায়ও থানায় জিডি করা হয়।

যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম ওই সময় সাংবাদিকদের জানিয়েছেন, ১১ মে সকালে জিলা স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম খান প্রথম জানান চাঁদার দাবিতে তাকে হুমকি দেয়া হয়েছে। এরপর আরও অনেক শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেন। শিক্ষকরা স্কুলে আসলে জানতে পারেন ০১৬৪০৮৯৩৮৫৫ ও ০১৯০২৪১৫৬৭৬ নম্বর থেকে মোট ৪৩ জন শিক্ষককে হুমকি দেয়া হয়েছে। জেলা প্রশাসককে বিষয়টি জানান প্রধান শিক্ষক।

হুমকি পাওয়া শিক্ষকরা জানিয়েছেন, ফোনে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বিপ্লব কুমার ও শিকদার মহিউদ্দিন নামে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে হত্যা ও পরিবারের সদস্যদের ক্ষতিরও হুমকি দেয়া হয়।

জিলা স্কুলের সহকারী শিক্ষক হায়দার আলী জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি পরিচয়ে ৪৩ শিক্ষককে হুমকির ঘটনায় তারা সম্মিলিতভাবে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি করার পর র্যাব ও পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। তবে এরপর আর কেউ তাদের ফোন বা হুমকি দেয়নি।

চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদা দাবির কয়েকটি ঘটনার ব্যাপারে যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি কেএম আজমল হুদা জানান, এসব ঘটনায় থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকির সঙ্গে জড়িতরা চরমপন্থী সংগঠন নয়, প্রতারক চক্র। এদেরকে চিহ্নিত করে আটকের তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।