ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২০ কি.মি. যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০২ জুন ২০১৮

ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের প্রায় ২০ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুটি সড়কে থেমে থেমে চলছে যানবাহন। দীর্ঘ সময়ের যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের বিসিক শিল্পনগরীতে দিনের বেলা রাস্তা বন্ধ করে সংস্কার কাজ করার ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে। শনিবার সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ যানজট দেখা যায়।

গাড়িচালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৮টা হতে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা- মুন্সীগঞ্জ সড়কের পাগলা মুন্সীখোলা হতে পঞ্চবটি হয়ে শহরে চাষাঢ়া আর পঞ্চবটি হতে সৈয়দপুর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কে যানজটের কারণে নারায়ণগঞ্জের বিভিন্ন শাখা সড়কগুলোতেও প্রভাব পড়েছে। ফতুল্লার বিসিক শিল্পনগরীতে রাস্তা সংস্কার কাজ চলায় রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের যানজট ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রভাব ফেলেছে।

ট্রাকচালক আলী মিয়া বলেন, সকাল ৮টা থেকে রাস্তায় তীব্র যানজট। গাড়ি সামনেও যাচ্ছে না পেছনেও নিতে পারছি না। যানজটের কারণে রাস্তায় ট্রাফিক পুলিশও দেখা যাচ্ছে না। ৩০ মিনিট পর পর গাড়ি ২০ হাত সামনে গেলেও কোনো লাভ হচ্ছে না।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানজট লেগে আছে। বিসিকে রাস্তা বন্ধ করে রাস্তা সংস্কার করার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।