টেকনাফে মাদক বিক্রির দায়ে ১৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০২ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক বিক্রির অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার বিকেলে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া।

দণ্ডপ্রাপ্ত ১৫ জনের মধ্যে লালু মিয়া, মো. সাগর, নুরুল আমিন, মো. শাহিন, নুর আহমদ ও জানে আলমকে দুই বছর, আবদুল হামিদকে এক বছর, আবু তাহের, কবির আহমদ ও জিয়া উল্লাহকে সাত মাস এবং মনসুর আলম, মো. হোসেন, হেলাল উদ্দিন, বাবুল মিয়া ও মো. মিন্টুকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানিয়েছেন, রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে দুই বছর থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দুই বছর থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।