রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, শহরজুড়ে মাইকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৩ জুলাই ২০১৮

রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। ফলে পাহাড়ের ঝূঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিজ দায়িত্বে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ জানিয়ে শহরজুড়ে মাইকিং করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। এ সময় বলা হয়, টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদেরকে নিজ দায়িত্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক গাজী হোসেন জানান, ২ জুলাই সকাল ৬টা থেকে ৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪১ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটিতে টানা বর্ষণ হচ্ছে। তাই আমরা সর্তকমূলকভাবে মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এছাড়া যেকোনো মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৩ জুন রাঙ্গামাটিতে পাহাড় ধসে সেনা সদস্যসহ ১২০ জন মৃত্যু হয়েছে এবং বছর না পেরুতেই চলতি বছরের ১২ জুন রাঙামাটি নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া পাহাড় ধসের কারণে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।