ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ ‘অসম্ভব’ নয়: কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ এএম, ০৫ মার্চ ২০২৬
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি/ ফাইল ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া অসম্ভব নয় বলে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (৪ মার্চ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করলে কার্নি পরিষ্কারভাবে বলতে পারেননি যে কানাডার সামরিক বাহিনী ভবিষ্যতে এই সংঘাতে যুক্ত হতে পারে কি না। কার্নি বলেন, আপনি এমন এক সংঘাত ঘিরে এমন একটি প্রশ্ন করেছেন, যার উত্তর অনেক বিস্তৃত। তাই কোনো অংশগ্রহণকে কখনোই একেবারে ‘অসম্ভব’ বলা যায় না। পরিস্থিতি অনুযায়ী আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকবো।

এর আগে মার্ক কার্নি অবশ্য বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’। তবে একই সঙ্গে তিনি মিত্রদের পাশে থাকারও আশ্বাস দিয়েছিলেন।

কার্নি বলেন, আমরা চাই এই সংঘাতের উত্তেজনা কমানো হোক; শুধু সরাসরি যুদ্ধরত পক্ষই নয়, বরং বৃহত্তর অন্যান্য দেশকেও এই প্রক্রিয়ায় যুক্ত হতে হবে।

তিনি আরও বলেন, আমরা জোর দিয়ে বলছি, এটি অর্জন করা সম্ভব নয় যতক্ষণ না এমন একটি অবস্থানে পৌঁছানো যায়, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন, উন্নয়ন এবং ‘সন্ত্রাস’ রপ্তানির সক্ষমতা পুরোপুরি বন্ধ করা যায়। সেই প্রক্রিয়া অবশ্যই এই লক্ষ্যেই পৌঁছাতে হবে।

কার্নি জানান, ছয় সদস্যের গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) যেভাবে ‘অসাধারণ সংযম’ দেখাচ্ছে, তাদেরও উত্তেজনা হ্রাস প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া উচিত।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।