কক্সবাজার পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৪ জুলাই ২০১৮

কক্সবাজার পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন ৮৬ প্রার্থী। সকাল থেকে এসব প্রার্থীর প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন।

এতে পাঁচ মেয়র, ১৭ সংরক্ষিত ও ৬৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর মিলে ৮৬ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণার মাঠে নামেন। আগামী ২৫ জুলাই নির্বাচনকে সামনে রেখে প্রতীক পেয়ে বিকেল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন এসব প্রার্থী ও তাদের সমর্থকরা।

প্রতীক পাওয়াদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মুজিবুর রহমান (নৌকা), বিএনপির রফিকুল ইসলাম (ধানের শীষ), নাগরিক কমিটি সরওয়ার কামাল (নারিকেল গাছ), জাপার রুহুল আমিন সিকদার (লাঙল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহেদুর রহমান (হাতপাখা) প্রতীক পান।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাঁচ মেয়র, সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৭ সংরক্ষিত কাউন্সিলর ও সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ থেকে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী ৩ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পৌরসভার ১২ ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পাওয়ার পর ১৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রতীক বরাদ্দের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, প্রধান সহকারী মোজাফ্ফর আহমদ, প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ৫ মেয়র ও সংরক্ষিত ৪টি মহিলা আসনে ১৭ জন, সাধারণ ১২টি ওয়ার্ডে ৭৯ জন কাউন্সিলরসহ মোট ১০১ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়।

এর মধ্যে মঙ্গলবার ১৫ কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে ৬৪ সাধারণ কাউন্সিলরসহ ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। আগামী ২৫ জুলাই ১২ ওয়ার্ডের ৩৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।