বেনাপোলে হুন্ডির ৯ লাখ টাকাসহ যুবক আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক (৩৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার দুপুর আড়াইটার টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজ্জাক পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃত আশানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, পুটখালী সীমান্ত থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাজ্জাককে আটক করা হয়। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি ৯ লাখ টাকা পাওয়া যায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/আরএআর/পিআর