চিকিৎসককে না পেয়ে আল্ট্রাসনোগ্রাফি রুমে তালা দিলেন রোগীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০০ পিএম, ১০ জুলাই ২০১৮

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম রুমে আধাঘণ্টা তালাবন্ধ করে রাখে বিক্ষুব্ধ রোগীরা। চিকিৎসক ও কর্মচারীদের না পেয়ে আগত রোগীরা প্রতিবাদ জানাতে এ পদক্ষেপ নেয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে তত্ত্বাবধায়ক এসে রোগীদের শান্ত করলে তালা খুলে দেয়া হয়।

জানা যায়, হজ গমনেচ্ছুদের অনেকে ও অন্যান্য রোগে আক্রান্তরা মঙ্গলবার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন। কিন্তু আল্ট্রাসনোগ্রাম রুমে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদ কামালসহ কর্মচারীরা ছিল না বলে রোগীরা অভিযোগ করেন।

বিশেষ করে হজ যাত্রার পূর্ব প্রস্তুতির জন্য এদিন সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে শারীরিক পরীক্ষা ও সনদপত্র সংগ্রহের জন্য সকাল ৯টায় হাসপাতালে যান হজ গমনেচ্ছুরা। কিন্তু ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় রুমের সামনে ভিড় জমে যায়। অপেক্ষার বাঁধ ভেঙে যাওয়ায় রোগী ও তাদের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কেউ কেউ রুমে তালা ঝুলিয়ে দেয়ার কথাও উচ্চারণ করেন। এক পর্যায়ে রুমের দরজায় তালা লাগিয়ে ডাক্তারের পূর্বের অনিয়মের প্রসঙ্গ তোলা হয়।

একাধিক লোকজন অভিযোগ করেছেন, হাসপাতালের রেডিওলোজিস্ট ডা. সাজ্জাদ কামাল নিজের খেয়াল খুশিমতো অফিস করেন। যোগদানের পর থেকে কোনো দিন ১০টার আগে অফিসে আসেননি তিনি। বিষয়টি রোগীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালম আজাদের কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি।

অভিযুক্ত চিকিৎসক সাজ্জাদ কামাল বলেন, তিনি বাইরে ছিলেন। এজন্য মঙ্গলবার আসতে দেরি হচ্ছিল।

হাসপাতালে পরীক্ষা করতে আসা হজ গমনেচ্ছু রেজাউল ইসলাম জানিয়েছেন, সোমবার তিনি হাসপাতালে পরীক্ষার জন্য আসেন। কিন্তু ওই দিন দুপুর হয়ে যাওয়ার কারণে রিপোর্ট হাতে পাননি। পরে মঙ্গলবার রিপোর্টটি নিতে এসে ভোগান্তিতে পড়েন।

এ ব্যাপারে এক্সে-রে বিভাগের টেকনিশিয়ান মৃত্যুঞ্জয় জানান, আল্ট্রাসনোগ্রাম বিভাগে থাকা হজ গমনেচ্ছুরা একটু ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেছিলেন। পরে সমাধান হয়ে গেছে।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, সামান্য বিষয় নিয়ে হজ গমনেচ্ছুরা আল্ট্রাসনোগ্রাম বিভাগের দরজা বন্ধ করে রাখেন। তিনি এসে রোগীদের সঙ্গে কথা বলে সমাধান করেছেন।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।