চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:২৪ এএম, ১৩ জুলাই ২০১৮
ফাইল ছবি

যশোরের চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ রতন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রতন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বক্কারের ছেলে।

চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন জানান, ভোরে তারা সংবাদ পান চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া নামক স্থানে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সেখানে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে হাসপাতাল মর্গে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

তিনি বলেন, এ সময় মরদেহের পাশ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রতনের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ কয়েকটি মাদক মামলা রয়েছে।

তবে নিহতের বাবা আবু বক্কার ও মা ফরিদা বেগমের দাবি, ‘রতন মাগুরা জেলার এক ব্যক্তির কাছে টাকা পেত। বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা দেয়ার কথা বলে ওই ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডাকলে দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রতন। সন্ধ্যার পরও ফিরে না আসায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় অনেক খুঁজাখজি করেও তার সন্ধান পাইনি। পরে শুক্রবার ভোরে খবর পেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। আগে মাদক ব্যবসা করলেও রতন ২-৩ বছর ধরে ছেড়ে দিয়েছে।’

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।