সন্তানকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় প্রাণ হারালেন মা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১৭ জুলাই ২০১৮

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় শম্পা খাতুন (২৫) নামে এক মা নিহত হয়েছেন। এ সময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়।

মঙ্গলবার বিকেলে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাগআঁচড়া খ্রিস্টান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।

নাভারণ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক পলিটন মিয়া জানান, শম্পা ইজিবাইকযোগে তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারের খ্রিস্টান বাড়ি মোড়ে এসেছিলেন। ইজিবাইক থেকে নেমে ভাড়া দেয়ার সময় তার মেয়ে সেতু অসাবধানতাবসত প্রধান সড়কে চলে যায়।

এ সময় সাতক্ষীরাগামী একটি নসিমন আসতে দেখে মা মেয়েকে বাঁচাতে ছুটে গেলে ওই নসিমনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।