ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৪ জুলাই ২০১৮

সীমান্তের অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে গিয়ে আটক ১৪ বাংলাদেশি যুবককে বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে মঙ্গলবার বিকেলে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন এই যুবকরা।

ফেরত আসা যুবকরা হলেন- রাজশাহী সদর থানার আব্দুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর, আফছার আলীর ছেলে আব্দুল হাকিম, হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন, কামাল হোসেনের ছেলে আবদুল হালিম, গোলাম নবীর ছেলে বাবু, আলা উদ্দিনের ছেলে আজিজুল হক, আলমের ছেলে জহুরুল, ফজলুর রহমানের ছেলে শহিদুল, আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা, আশরাফুলের ছেলে সুমন, নওশাদ আলীর ছেলে জহিরুল, আশরাফুল ইসলামের ছেলে মোমিন ও আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন।

ফেরত আসা মো. জাহাঙ্গীর বলেন, রাজশাহী সীমান্তের অবৈধ পথে অভাব-অনটনের সংসারে ভারতের বেঙ্গালুরু প্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে যাই। বেঙ্গালুর শহরে যাওয়ার এক থেকে দুই মাসের মধ্যে আমরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ি। পরে পুলিশ আদালতের মাধ্যমে আমাদের জেলহাজতে পাঠায়। আমরা ধারওয়া সেন্ট্রাল জেলে ১৭ মাস জেল খেটে আজ দেশে ফিরেছি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই শাহিন ফরহাদ বলেন, ফেরত আসা যুবকরা সাজাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির একপর্যায়ে সেদেশের সরকার বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়। থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের ছেড়ে দেয়া হয়। নিজ নিজ জিম্মায় তারা বাড়ি ফিরে যাবে বলে জানান এএসআই শাহিন ফরহাদ।

মো. জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।