ধর্মসাগরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০২ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগরে ডুবে শিহাব ও ফাহিম নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শিহাব এবং তার সহপাঠি কুমিল্লা মডার্ন স্কুলের একই শ্রেণির ছাত্র ফাহিম একটি জন্ম দিনের অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৩টার দিকে আরও কয়েকজন বন্ধুসহ ধর্মসাগরে নামে। এক পর্যায়ে শিহাব ও ফাহিম পানিতে তলিয়ে যায়। তাদের খুঁজে পেতে পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। সহপাঠি, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে শিহাব ও ফাহিমের নিথর দেহ উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উভয়ের স্বজন ও সহপাঠিরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

স্কুল ছাত্র শিহাব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই আবদুল মান্নানের ছেলে। অপর জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিক রাশেদা আক্তার জানান, বৃহস্পতিবার সরকারি নির্দেশে ক্লাস হয়নি, ক্লাসে শিহাবের রোল নং ৩৪ ছিল।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, দুই ছাত্রের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

মো. কামাল উদ্দিন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।