বেনাপোল থেকে বাস চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৬ আগস্ট ২০১৮

টানা তিনদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়েছে। এতে ভারত থেকে আসা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গন্তব্যে যেতে পেরে খুশি যাত্রীরা।

বেনাপোলের সোহাগ পরিবহনের ম্যানেজার সহিদুল ইসলাম জানান, সকাল থেকেই ঢাকাগামী বাসগুলো যাত্রী নিয়ে রওনা হয়েছে। সকল কোম্পানির বাস একসঙ্গে ছাড়া হয়েছে। তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীচাপ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপরদিকে বেনাপোল লোকাল বাস টার্মিনাল থেকে প্রতিদিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ, যানবাহন ভাঙচুরের কারণে সারা দেশের সব পথে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এতে সারা দেশের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বেনাপোল সড়ক পরিবহন সংস্থার লাইন সম্পাদক মনির হোসেন জানান, মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে বেনাপোল থেকে ১২টি রুটে দূরপাল্লার ও আন্তঃজেলার মধ্যে সকল প্রকার যানবাহন চলাচল শুরু হয়েছে।

ভারত থেকে আসা ঢাকার জহুরুল হক বলেন, শনিবার থেকে পরিবার পরিজন নিয়ে বাস কাউন্টারে বসে আছি। আজ সকালে টিকিট দিয়েছে পরিবহনের লোকজন। এখন পরিবারসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, বাস চলাচল শুরু হওয়ার খবর পেয়ে ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীর চাপ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। বিকেলে চাপ বাড়তে পারে। ঈদকে সামনে রেখে অনেকে ফিরে আসছেন।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।