কাজী জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৭ আগস্ট ২০১৮

দেশবরেণ্য রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে মরহুমের আত্মীয়-স্বজনসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১লা জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন কাজী জাফর আহমদ। ১৯৮৯-১৯৯০ সাল তিনি বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বর্ষীয়ান এ রাজনীতিক কুমিল্লার চৌদ্দগ্রাম আসন থেকে পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ৭৬ বছর বয়সে ২০১৫ সালের এই দিনে কাজী জাফর আহমদ গুলশানের ‘চিওড়া হাউজ’ নামে বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইউনাইটেড হসপিটালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।