কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলায় দ্রুতগামী কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ক্যান্টনম্যান্ট থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী দেবিদ্বার যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪৭২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মো. সাইফুল ইসলাম (২৪) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার এসআই মো. মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটারসাইকেলটি থানায় নিয়ে যান।

নিহত সাইফুল জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।