ফতুল্লায় চুল্লি বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে বাবুল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো চার শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার ভোরে ফতুল্লার পাগলা এলাকায় চাকদা স্টিল রি-রোলিং মিলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাবুল ময়মংসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও শাহাদাৎ (২৮)। এদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ম্যানেজার নুরল ইসলাম জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় হঠাৎ উপর থেকে একটি বড় ধাতব খণ্ড চুল্লিতে পড়লে সেটির বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। দগ্ধদের ঢাকা মেডিকেল নেয়া হলে সকাল ১০টার দিকে বাবুলের মৃত্যু হয়। বাকিতের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
শাহাদাত হোসেন/আরএ/পিআর