হাত-পা বেঁধে রাস্তায় ফেলে যাওয়া হয় তাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়া যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাভারের আশুলিয়া এবং গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে উদ্ধার করা হয়েছে।

তিনজনকে অপহরণকারীরা রাস্তায় ফেলে গেছে বলে জানালেও কারা, কেন তাদের অপহরণ করেছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, যুবলীগ নেতা শফিকুর রহমান ভূঁইয়া বাদলকে বৃহস্পতিবার ভোরে হাত বাঁধা অবস্থায় সাভারের আশুলিয়া এলাকায় ফেলে যাওয়া হয়। আর ছাত্রলীগ কর্মী সাকিল আহম্মেদ ও যুবলীগ কর্মী সাকিল মিয়াকে হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে যাওয়া হয়।

তিনজনের মধ্যে শফিকুর ও সাকিল আহম্মেদ নিজেরাই বাড়ি ফিরে আসেন। আর সাকিল মিয়া বাড়িতে ফোন করে খবর দিলে তার বাবা পুলিশের সহায়তায় রাজেন্দ্রপুর থেকে তাকে নিয়ে আসেন।

এ বিষয়ে শফিকুরের স্ত্রী নার্গিস সুলতানা বলেন, আমার স্বামীকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজারে চার খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যে বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার বড়ালু এলাকা থেকে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুর রহমান ভূইয়া বাদল, ছাত্রলীগকর্মী সাকিল আহম্মেদ এবং যুবলীগকর্মী সাকিল মিয়াকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তাদের পরিবার।

বাদলের ভাই মুকুল ভূইয়া ওই সময় সাংবাদিকদের বলেন, তারা তিনজন মোটরসাইকেলে করে বড়ালু এলাকা থেকে মাঝিনায় ফেরার পথে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একদল লোক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তবে সাংবাদিকরা রূপগঞ্জ থানায় যোগাযোগ করলে ওসি মনিরুজ্জামান কাউকে আটকের কথা অস্বীকার করেন।

সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ না মেলায় স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের কর্মীরা উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তিনজনকে পৃথক দুটি স্থানে রেখে গেছে অপহরণকারীরা। তবে কারা, কেন, কী কারণে তাদেরকে অপহরণ করেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।