কুমিল্লায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৮
ছবি-প্রতীকী

কুমিল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। জেলার সদর দক্ষিণ মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লামপুর এলাকায় বিস্ফোরক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর সদর দক্ষিণ মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি দায়ের করেন থানার এসআই নজরুল ইসলাম গাজী।

এ মামলার ৯ জন আসামি গত ৮ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। তারা হলেন- কুমিল্লা মহানগর ঐক্যসংহতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার (৪২), সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ (৫০), আবুল বাসার (৪০), আবুল খায়ের (৩৫), জাফর আহম্মেদ (৪৮), কবির আহমেদ (৪০), জাকির হোসেন (৩৫), শাহজাহান মোল্লা (৪০) ও ভিপি আবদুল্লাহ (৩৮)।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার জানান, এ মামলায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।