বিএনপির সাবেক এমপি গফুর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

বিএনপির সাবেক এমপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূঁইয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট থানা ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে ঢাকার দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেফতারের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারাগারে পাঠায়।

নাঙ্গলকোট থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ১২ ডিসেম্বর দুপুরে নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া হাসপাতালের সামনে থেকে বেলাল নামের এক ডাকাতকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে- নির্বাচনকে সামনে রেখে ওই অস্ত্রটি কেনার জন্য গফুর ভূঁইয়া তাকে টাকা দিয়েছিল।

তার দেয়া তথ্যমতে গফুর ভূঁইয়ার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৯টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশের এসআই সোহেল আহমেদ বাদী হয়ে ঘটনার দিন রাতে অস্ত্র আইনে আবদুল গফুর ভূঁইয়া ও বেলাল ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। শনিবার দুপুর ২টার দিকে তাকে ঢাকার দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, নাঙ্গলকোট থানার একটি অস্ত্র মামলায় সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়াকে কারাগারে নেয়া হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।