মসজিদের অনুদানের জন্য স্বাক্ষর জালিয়াতি : ৩ জন রিমান্ডে


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে দুটি মসজিদের নামে দুই লাখ টাকা অনুদানের জন্য মন্ত্রণালয়ের ভুয়া চিঠি ও একজন উপ সচিবের স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবুল আহম্মেদ (৪০) ও সোহরাব মিয়া (৩০) এবং ঢাকার আব্দুল হাই ওরফে আহসান উল্লাহ (৪২)। তাদেরকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের উচ্চমান সহকারী আবুল হাসেম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, কয়েক দিন আগে বাবুল আহম্মেদ সোনারগাঁয়ের বাইশটেকি উত্তরপাড়া শাহী জামে মসজিদ ও সোনারগাঁ বাইশটেকি মধ্যপাড়া জামে মসজিদের নামে আলাদা দুটি চিঠিতে এক লাখ করে দুই লাখ টাকার জন্য আবেদন করেন। ওই সময়েই বাবুল আহম্মেদ নিজেদের সরকারদলীয় নেতা পরিচয় দিয়ে বলেন, এটি সচিবের পাঠানো চিঠি। তিনি দ্রুত অনুদানের টাকা দেয়ার জন্য বলেছেন। পরে চিঠি দুটি গত বৃহস্পতিবার অনুমোদনের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার টেবিলে এলে এর স্মারক নম্বর ও উপসচিবের সই দেখে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেনের সন্দেহ হয়। কিন্তু সন্দেহের বিষয়টি গোপন রেখে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খোঁজ নেন। জানতে পারেন চিঠিতে উপসচিব জোবায়দার স্বাক্ষর জাল করা হয়েছে। এমনকি চিঠির স্মারক নম্বরও সঠিক নয়। এরপর আবেদনকারীদের স্বশরীরে হাজির হওয়ার জন্য ডেকে পাঠান তিনি।

এর পরিপ্রেক্ষিতে রোববার বেলা ১১টার দিকে তিন আবেদনকারী হাজির হন নারায়ণগঞ্জ জেলা পরিষদে। এসময় তাদের আটক করা হয়। নির্বাহী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জালিয়াতির কথা স্বীকার করেন। এরপর তাদেরকে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।