বাউল রণেশের গানের ঘরে আগুন দেয়ায় যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:২৪ এএম, ২১ মে ২০২০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য রণেশ ঠাকুরের উজান ধলের বাড়ির আসরঘরে আগুন লাগিয়ে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে বাউল রণেশ ঠাকুর বাদী হয়ে দিরাই থানায় মামলা করলে বুধবার দুপুরের অভিযান চালিয়ে ফরহাদ নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ মিয়া (২৫) উজান ধল গ্রামের এলাম উদ্দিনের ছেলে।

অন্যদিকে এ ঘটনায় দেশে-বিদেশে সমাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নিন্দা এবং প্রতিবাদের ঝড় ওঠেছে। বাউল-শিল্পী রণেশ ঠাকুর জানান, তার গানের আসর-ঘরটি টিনের বেড়া ও টিনের চালার ছিল। বাউল ভক্তদের নিয়ে এখানে বসতো গানের আসর। করোনা দুর্যোগের কারণে বেশ কয়দিন যাবত ঘরে কেউ থাকতো না। ঘরে দোতরাসহ কিছু বাদ্যযন্ত্র ও গানের বইপত্র ছিল। সব আগুনে পুড়ে পড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিকট আত্মীয় বড় ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন আগুনে জ্বলছে ঘরটি। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরের পাশের আম গাছ, কাঁঠাল গাছসহ কয়েকটি গাছের ক্ষয়ক্ষতি হয়।

রণেশ ঠাকুর আরও বলেন, আমার কোনো শত্রু নেই। কে বা কারা আগুন লাগিয়েছে আমি জানি না। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাহলে সেটা পুলিশ বের করবে।

এদিকে এ ঘটনায় বুধবার দুর্বৃত্তদের দেয়া আগুনে গানের ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাউল রণেশ ঠাকুরের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এ সময় তিনি উজানধল গ্রামে আগুনে পুড়ে যাওয়া গানের ঘর পরিদর্শন শেষে টেউটিনসহ আর্থিকভাবে সহায়তা করেন।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, রণেশ ঠাকুরের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের সুষ্ঠু শনাক্তকরণের জন্য পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি’। বাউল রণেশ ঠাকুরকে গানের ঘর নির্মাণের জন্য ৩ বান ঢেউটিন ও আর্থিক সাহায্য দেয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, রনেশ ঠাকুর নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করার পর পুলিশ গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।

মোসাইদ রাহাত/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।