কুমিল্লায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় জেল-জরিমানা
কুমিল্লার দাউদকান্দিতে বেশি দামে সয়াবিনতেল বিক্রির দায়ে দুই দোকানিকে লাখ টাকা জরিমানা ও আরেক দোকানির একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর বাজার এবং গৌরীপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান এ জরিমানা করেন।
অভিযানে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকারও ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কামরুল ইসলাম খান বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল মজুত রয়েছে। এর মধ্যে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দাউদকান্দি ভাই ভাই বাণিজ্যালয়কে ৫০ হাজার ও গৌরীপুর বাজারের ললিত মোহন সাহা স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরও বলেন, গৌরীপুর বাজারের সুমন ট্রেডার্সের মালিক সুমনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও লবণের মূল্য বেশি রাখায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসজে/জিকেএস