অপারেশন থিয়েটারের ফ্রিজে মিললো গরুর মাংস
অপারেশন থিয়েটারের ফ্রিজে মাংস রাখা এবং চিকিৎসক ও নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লা মহানগরীর নিবেদিতা হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর তেলিকোনা এলাকায় হাসপাতালটিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টার দিকে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় অপারেশন থিয়েটারে ওষুধ রাখার ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে নেই চিকিৎসক ও নার্স। হাসপাতালের অবস্থায়ও খুব নাজুক। নেই বর্জ্য ব্যবস্থাপনাও। সেবাগ্রহীতারা পান না চিকিৎসা সেবা। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের দেখতে আসেনি কোনো চিকিৎসক বা নার্স। যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনিই ডাক্তার, তিনিই নার্স, আবার তিনিই অস্ত্রোপচার করেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বলেন, নিবেদিতা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কারণে বন্ধের নির্দেশ দিয়ে তাদের সর্তক করে দেওয়া হয়েছে। নতুন করে কোনো রোগী ভর্তি না করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সঠিক সেবা ও মান নিয়ন্ত্রণে জেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।
জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম