শামারুখের লাশ তোলা হচ্ছে না


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৪

আগামীকাল বুধবার ডা. শামারুখ মাহজাবিন সুমীর লাশ তোলা হচ্ছে না। বৃহস্পতিবার লাশ উত্তোলন করা হতে পারে। তদন্ত কর্মকর্তা না আসায় লাশ উত্তোলনের সময় পিছিয়ে দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান বলেন, মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা না আসার বিষয়টি জানানো হয়েছে। তদন্ত কর্মকর্তা বুধবার যশোর আসবেন। তদন্ত কর্মকর্তা বুধবার যশোরে পৌঁছালে বৃহস্পতিবার লাশ উত্তোলন করা হতে পারে।

ডা.শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সী রুহুল হকের সঙ্গে দুপুরে তার কথা হয়েছে। রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার নথি হস্তান্তরে গড়িমসি করায় তিনি মঙ্গলবার যশোরে আসাতে পারেননি। তিনি বুধবার যশোর আসবেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার লাশ উত্তোলন করা হতে পারে।  

এর আগে গত ২৩ নভেম্বর ধানমন্ডি থানায় পাঠানো ময়নাতদন্ত প্রত্যাখ্যান করেন ডা. সুমীর বাবা প্রকৌশলী নুরুল ইসলাম। এরপর মেয়ের লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের জন্য ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২৪ নভেম্বর আদালত যশোর জেলা প্রশাসককে আগামী ১৮ডিসেম্বরের মধ্যে লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ডা. শামারুখ মাহজাবিন সুমি রাজধানীর ধানমন্ডির বাসায় মারা যান। এ ঘটনায় তার বাবা নুরুল ইসলাম মেয়েকে হত্যা করার অভিযোগ এনে মেয়ের শ্বশুর যশোর-৫ আসনের সাবেক এমপি খান টিপু সুলতান, শাশুড়ি ও স্বামী বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।