স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে মোনালিসা হিমু (২৮) ও তার পরকীয়া প্রেমিক বরুড়া উপজেলার চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে আতিকুজ্জামান (৩৫)।

নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জের দায়িত্বে ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করা হয়। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসে। মামলার অভিযোগপত্রে আসামি করা হয় হিমু ও তার প্রেমিক আশিকুজ্জামানকে। এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হিমু তার পরকীয়া প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ মামলায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।