কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মো. মালেক হাবিলদারের ছেলে সুজন মিয়া (৪০), আবুল কাশেমের ছেলে মামুন (১৮) ও সদর দক্ষিণ উপজেলার মনিপুর দক্ষিণপাড়ার রুস্তম আলীর ছেলে জাকির হোসেন (৩০)। এদের মধ্যে মামুন ও জাকির হোসেন পলাতক।

অপরদিকে নিহত শের আলী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মনিপুর শেখ বাড়ির মৃত হাছন আলীর ছেলে। তিনি সাব-কন্ট্রাক্টর ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (অতিরিক্ত পিপি) রফিকুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আমবাগান লিজ নিয়ে শের আলী ও সুজন মিয়া ব্যবসা করতেন। আম বিক্রির পাঁচ লাখ টাকা ভাগ-ভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এর জেরে তারা ২০১৫ সালের ২৩ জুন দুপুরে ঘোষনগর গ্রামের ভাড়া বাসায় ঢুকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শের আলীকে আহত করে। পরে গামছা দিয়া মুখ এবং বিদ্যুতের তার দিয়ে দুই হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলে রাখেন। তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. বাবুল মিয়া বাদী হয়ে সুজন মিয়া ও জাকির হোসেন এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর হামযাকে আসামি করে মামলা করেন। ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি আসামি সুজন, জাকির ও মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি চার্জগঠন শেষে এবং সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ফরিদা ইয়াসমিন বুধবার দুপুরে এ রায় দেন।

জেডআইপি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।