টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম নাফ নদী থেকে এবং অপর আরেকটি টিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, শনিবার দুপুর ১টার দিকে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা জাদীমুড়া নাফ নদীর কিনারায় অভিযানে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে সকালে ওই একই বিওপি চৌকির অপর একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা মুচনী নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
জব্দ করা এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা বলে জানান অভিযানকারীরা।
উদ্ধারকৃত ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে জানিয়ে ব্যাটালিয়ন কমান্ডার আরো বলেন, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/এফএ/এবিএস