দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদক মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুসা আলী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুসা আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে জুতা ও কাপড়ের ব্যবসা করতেন। দেবিদ্বার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে তার শ্বশুরবাড়ি। তার বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী নাজিয়া আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুসা বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিচিত একজনের ফোন কল পেয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তার মোবাইল থেকে স্ত্রীর মোবাইলে কল করে এক ব্যক্তি জানায়, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে ১০ মিনিট পর ছেড়ে দেওয়া হবে। পরে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মুসা আলীকে হত্যা করা হয়েছে বলে খবর পান।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান, তার স্বামী ঢাকা ও কুমিল্লা থেকে কাপড়, জুতা ও কসমেটিকস নিয়ে কক্সবাজারের উখিয়ার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে ব্যবসা করতেন। বুধবার রাতে সোহেল নামের একজন পরিচিত ব্যক্তির কল পেয়ে বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর তারা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এক আত্মীয়ের মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানো হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বিরুদ্ধে তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কিংবা অর্থনৈতিক লেনদেনের জেরে হত্যা করা হতে পারে। রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।