কুমিল্লা সেনানিবাসে সিআইডির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১০ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত তদারকি করতে সিআইডির ডিআইজি (ক্রাইম-ইস্ট) মো. মাহবুব মহসিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখন কুমিল্লায় অবস্থান করছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উচ্চ পর্যায়ের এ দলটি কুমিল্লা সেনানিবাসে প্রবেশ করে। এসময় তারা যেখানে তনুর মরদেহ পাওয়া যায়, সেই স্থান পরিদর্শন করেন। দুপুর আড়াইটার দিকে সেনানিবাসের ভেতর তনুর বাসায় গিয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান। ডিআইজিসহ সিআইডির অন্যান্য কর্মকর্তারা সেখানে ১৫/২০ মিনিট অবস্থান করে পৌনে ৩টার দিকে সেনানিবাস থেকে বেড়িয়ে আসে।

বিকেল ৩টায় মুঠোফোনে তনুর বাবা ইয়ার হোসেন জানান, সিআইডির কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

তিনি আরো জানান, আমরা সিআইডি কর্মকর্তাদের নিকট দ্রুত এ মামলার রহস্য বের করা ও ঘাতকদের গ্রেফতারের দাবি জানিয়েছি। এসময় ডিআইজি ছাড়াও ওই প্রতিনিধি দলে সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার ও মামলার তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহহার আকন্দ, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী ইব্রাহিমসহ সিআইডি ঢাকা ও কুমিল্লার অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যার আগে সিআইডির উচ্চ পর্যায়ের এ দলটি মামলার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. নাজমুল করিম খান জানান, মামলার তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হচ্ছে, একটি ভালো সু-খবরের জন্য সবাইকে আরো অপেক্ষা করতে হবে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।