মহেশখালীতে রাইফেলসহ ডাকাত গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের গভীর জঙ্গল থেকে রাইফেলসহ লোকমান (৩২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহায়তায় মহেশখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত লোকমান (৩২) শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার মখলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, লোকমান তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে শাপলাপুর-গোরকঘাটা সড়কে ডাকাতি চালিয়ে আসছে। একইসঙ্গে বসতবাড়ি, পানের বরজ ও চিংড়ি ঘেরেও বিভিন্নভাবে এই বাহিনী লুটপাট চালাত। ডাকাতিতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মঙ্গলবার ভোর থেকে গভীর জঙ্গলে তৈরি ডাকাতদের আস্তানা ঘেরাও করে পুলিশে খবর দেয়। মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ জনতার সঙ্গে যোগ দিয়ে ডাকাতদের ধরতে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ডাকাত বাহিনীর প্রধান লোকমান গ্রেফতার হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, আটক লোকমানকে এখনো থানায় আনা হয়নি। তার কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করা হয়েছে। সে থানার তালিকাভূক্ত ডাকাত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস