কুমিল্লায় পরকীয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

কুমিল্লায় পরকীয়ার অভিযোগ তুলে সোহাগ (৩৫) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর সাতোরা এলাকায় এ ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর সাতোরা এলাকার পারভেজ নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে শাসনগাছা এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র সোহাগের পরকীয়ার অভিযোগ তুলে রাতে তাকে শাসনগাছা এলাকা থেকে ধরে সাতোরা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সোহাগকে একটি গেরেজে আটকে রেখে বেধরক পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাত ৯টার দিকে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল জানান, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। এছাড়াও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।’ তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের বক্তব্য জানা যায়নি।

মো. কামাল উদ্দিন/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।