মৌয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জে মেধাবী কলেজছাত্রী কুয়াশা জামান মৌ হত্যার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে পাঁচ শতাধিক শিক্ষার্থী ফেস্টুন, ব্যানার ও প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে মৌয়ের হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে মৌয়ের বাবা ফারুকুজ্জামান তার বক্তব্যে বলেন, বিগত ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে জীবাণ শেখ আমার মেয়েকে প্রেমের অভিনয় করে ফুসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। জীবন একজন বখাটে ছেলে। বিয়ের পর থেকে সে আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এক পর্যায় সে আমার কাছে বিশাল অংকের যৌতুক দাবি করে। আমি একজন নিম্ন আয়ের সরকারি কর্মচারী। আমার পক্ষে যৌতুক দেয়া সম্ভব নয়।
যৌতুক দিতে অপরাগতা প্রকাশ করায় গত বৃহস্পতিবার দুপুরে আমার মেয়ে কুয়াশা জামান মৌকে তার স্বামী জীবাণ শেখ, শাশুড়ি নাসিমা বেগম ও ননদ ময়না বেগম মিলে বেদম মারপিট এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা তাকে মৃত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে মৌয়ের মা শামীমা জামান শিল্পী বাদী হয়ে জীবাণ শেখকে প্রধান আসামি এবং শ্বশুর নাসির শেখ, শাশুড়ি নাসিমা বেগম ও ননদ ময়না বেগমকে অভিযুক্ত করে শনিবার গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রধান আসামিসহ কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি।
পরে মানববন্ধনকারীরা মৌযৈর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে।
হুমায়ূন কবীর/এসএস/এবিএস