কুমিল্লায় আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৭ এপ্রিল ২০১৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি রোববার সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিসহ গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, মোকাম ইউনিয়নের মো. সাহেব আলী, রাজাপুর ইউনিয়নের মো. শাহ আলম, বাকশীমূল ইউনিয়নের মিজানুর রহমান লিটন, ষোলনল ইউনিয়নের মো. বিল্লাল হোসেন চেয়ারম্যান, পীরযাত্রাপুর ইউনিয়নের মো. বিল্লাল হোসেন ঠিকাদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন রোববার বিকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এসব ইউনিয়ন থেকে দলীয় প্রার্থীদের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে স্থানীয় সাংসদ অ্যাড. আবদুল মতিন খসরুসহ দলীয় নেতৃবৃন্দ সমঝোতার চেষ্টা করেন।

সর্বশেষ গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় বিদ্রোহী প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হলেও কেউ তা কর্ণপাত করেনি। তাই শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল হাশেম খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার পত্রে স্বাক্ষর করেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন জানান, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হলেও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি, তাই কেন্দ্রের নির্দেশেই তাদের বহিষ্কার করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।