অবশেষে কাশিয়ানী থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২০ এপ্রিল ২০১৬

অবশেষে গোপালগঞ্জের কাশিয়ানী উাপজেলার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ইসির নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।

সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের কিছু কিছু পক্ষপাতদুষ্ট ভূমিকা প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে নানা বিতর্কের সৃষ্টি করে।

এছাড়া পছন্দের প্রার্থীকে বিশেষ সুবিধা দিতে গিয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, দমন-পীড়নের অভিযোগসহ আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠতে থাকে নির্বাচনের মাঠ। সংঘর্ষ, সংঘাত, সহিংসতা ও হানাহানি বেড়ে যায় চরমভাবে। ফলে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া তার এসব কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে ইতোমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে এসব অভিযোগের প্রমাণ পওয়ায় অবশেষে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এদিকে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থী ও সাধারণ ভোটাররা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের তৃতীয় পর্যায়ের নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হুমায়ূন কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।