টেকনাফে আনসার ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা : নিহত ১


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৩ মে ২০১৬

কক্সবাজারের টেকনাফে মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছেন এক আনসার কমান্ডার। এ সময় আনসারদের ব্যবহৃত ১১টি অস্ত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলী হোসেন (৫৫)। তিনি টাঙ্গাইলের শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের কাছে সি ও ডি ব্লকে অবস্থিত শালবাগান আনসার ক্যম্পে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলা প্রতিহত করতে গিয়ে আনসার ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার আলী হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দুর্বৃত্তরা আনসার ব্যারাক থেকে ১১টি অস্ত্র লুট করে নিয়ে গেছে।

শরণার্থী ক্যাম্প পুলিশের ইনচার্জ মোহাম্মদ কাসেম আনসার সদস্য নিহত এবং ১১টি অস্ত্র লুটের কথা স্বীকার করে বলেন, খবর পেয়ে অস্ত্র উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করতে পুলিশ-বিজিবি আক্রান্ত ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। দুর্বৃত্তদের আটক করতে পুলিশ-বিজিবি যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।