টেকনাফে ৬ সাংবাদিককে কুপিয়ে জখম


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৩ মে ২০১৬

কক্সবাজারের টেকনাফে বেসরকারি টেলিভিশনের ছয় সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার বিকেলে পৌরসভার নাজিরপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল ও ভিডিওচিত্র গ্রাহক ফরাজ উদ্দিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুদ্দিন লিপু ও ভিডিওচিত্র গ্রাহক মো. শরীফ এবং একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও ভিডিওচিত্র গ্রাহক বাবু।

আহতরা জানান, অব্যাহত ইয়াবা আগ্রাসনের প্রতিবেদন করতে প্রয়োজনীয় ফুটেজ নিতে তারা টেকনাফ পৌরসভার নাজিরপাড়ায় যান। এলাকার কয়েকটি স্থানের চিত্র ধারণকালে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ তাদের উপর চড়াও হয়ে হামলার চালায়। আক্রমণকারীরা ধারালো অস্ত্র দিয়ে
তাদের কোপায়। এসময় তাদের কাছ থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় অপর এক সূত্র জানায়, বিকেলে একটি গাড়ি এসে নাজিরপাড়ায় থামে। হঠাৎ ক্যামেরাসহ কয়েকজন নেমে এলাকার রাস্তাঘাট ও ব্যবসায়ী ভূট্টোর বসতবাড়ির চিত্র ধারণ করছিল। ভুট্টোর স্বজনরা এর কারণ জানতে চাইলে ক্যামেরাধারী ও সঙ্গে থাকা ব্যক্তিরা উল্টো তুচ্ছ-তাচ্ছিল করে। আর এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়।

হামলায় অভিযুক্ত নুরুল হক ভুট্টোর বাবা মোজাহের মিয়া (৫৮) দাবি করেন, তারা পূর্ব থেকে বুনিয়াদি পরিবার। তাদের পর্যাপ্ত লবণ মাঠ ও জমি রয়েছে। পানসহ বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদন ও নানা জায়গায় সরবরাহ করে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। আর এ কারণে এলাকায় তাদের শত্রু সংখ্যাও কম নয়।

কারো ইশারায় হয়তো সাংবাদিকরা তাদের বসতবাড়ি ভিডিও করতে এসেছিলেন। সাংবাদিকতার নীতি অনুসরণ করে আগে একটু কথা বলে নিলে এমন ভুল বুঝাবুঝি হতো না বলেও উল্লেখ করেন তিনি।  

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।