নারীদের অন্ধকারে রেখে দেশ এগিয়ে যেতে পারে না


প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৮ মে ২০১৬

ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, নারীদের অন্ধকারে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। আজকে জাতীয় সংসদে নারী, ডিসি-এসপি হচ্ছে নারী, এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন। নারীরা আজ পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তাই কুসংস্কার বাদ দিয়ে নারীদের এগিয়ে নিতে হবে। তাহলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিতে কাজ করছেন। প্রধানমন্ত্রী এমন একটি দেশ গড়বেন যে দেশে কোনো ক্ষুধা দারিদ্র থাকবে না। আর আজকের প্রজন্মকে অবশ্যই স্বাধীনতা অর্জন ধরে রাখতে হবে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ১৫৩ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে সম্মাননা দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি উৎসাহিত হবে। আজকের কৃতি শিক্ষার্থীরা ভবিষতে নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে প্রযুক্তির ব্যবহার সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাবো একটি মধ্যম আয়ের দেশে। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এছাড়া সারাদেশে নারী পুরুষদের কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।