কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাবির প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থী মো. শিমুল মৃত্যুর ঘটনায় রাবির সহকারী প্রক্টরসহ অন্তত ১৫ জন অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে নগরীর মতিহার থানায় শিমুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সাইন্স বিল্ডিংয়ের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো শিমুল। এমন সময় ড. খুদরত-ই-খুদা একাডেমিক বিল্ডিংয়ের কাছে পৌঁছালে বিশ্ববিদ্যালয় অজ্ঞাতনামা সহকারী প্রক্টর মোটরসাইকেলের গতিরোধ করে বহিরাগত ধরধর বলে চিৎকার করে। এ সময় পেছন থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুলকে ধাওয়া করে।

তাদের মধ্যে একজন শিমুলকে ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করে। এরপর ক্যাম্পাসের অভ্যন্তরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গেট থেকে পশ্চিমে ৩৫ গজ দূরে নিয়ে শারীরিক নির্যাতন করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাবি হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান বলেন, শিমুলের বাবা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় রাবির সহকারী প্রক্টরসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যু প্রকৃত রহস্য জানা যাবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।