উৎপাদন খাত বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন খাত বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

শরীফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে এগুলো চালু করতে চাচ্ছে সরকার। তাই মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত যারা পাটকল লিজ নিয়েছেন, সেখানে অনেক জমি পড়ে আছে। অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে, যা অর্থনীতির জন্য সহায়ক হবে।

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে বন্ধ পাটকল চালুর দরপত্র প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মত দেন।

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০টি লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ১৪টি এরই মধ্যে লিজ দেওয়া হয়েছে। সেখানে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।