বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি, সুবিধা পাবে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৫ মে ২০২৬
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)/ফাইল ছবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০৩৫ সালের মধ্যে নতুন অর্থায়ন সরঞ্জাম, নীতিগত সহায়তা এবং অংশীদারিত্বের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার সংগ্রহ ও ব্যয় করবে। বিশ্বের সবচেয়ে জটিল কিছু অঞ্চলের দেশগুলোকে আন্তঃসীমান্ত বিদ্যুৎ গ্রিড নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। এডিবির সদস্য হওয়ায় বাংলাদেশও এই সুবিধা পাবে।

রোববার (৩ মে) উজবেকিস্তানের সমরকন্দে এডিবির ৫৯তম বার্ষিক সভা চলাকালীন প্যান-এশিয়া পাওয়ার গ্রিড ইনিশিয়েটিভ (পিএজিআই) বিষয়ক গভর্নরদের সেমিনারে এসব কথা বলেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। একক প্রকল্প থেকে সরে এসে সমন্বিত আঞ্চলিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এডিবির ভূমিকার ওপর জোর দেন তিনি। মঙ্গলবার (৫ মে) এডিবির ঢাকা অফিস এ তথ্য জানায়।

এডিবির এই উদ্যোগের ফলে জ্বালানি খরচ কমানো, নির্ভরযোগ্যতা জোরদার করা এবং পরিবেশবান্ধব জ্বালানির বাণিজ্য প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

মাসাতো কান্দা আরও বলেন, ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের অন্যতম উদ্দেশ্য প্যান-এশিয়া পাওয়ার গ্রিড উন্নয়ন। এর মাধ্যমে টেকসই সমৃদ্ধ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

এডিবি জানায়, পিএজিআই একটি ফ্ল্যাগশিপ আঞ্চলিক প্ল্যাটফর্ম, যা আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যকে ত্বরান্বিত করতে বৃহৎ পরিসরে নবায়নযোগ্য জ্বালানিকে একীভূত করতে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বিদ্যুতের নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে, এডিবির লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে প্রায় ২০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিকে একীভূত করা, ২২ হাজার সার্কিট-কিলোমিটার সঞ্চালন লাইন সংযুক্ত করা, ২০ কোটি মানুষের জন্য জ্বালানি প্রাপ্তির সুযোগ উন্নত করা এবং ৮ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।

এডিবি তার সমন্বয় সাধনের ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, ইউটিলিটি, বেসরকারি খাত এবং উন্নয়ন অংশীদারদের একত্রিত করছে। যাতে নীতিমালার সমন্বয় সাধন, বিনিয়োগের ক্রম নির্ধারণ এবং নিয়ন্ত্রক বাধাগুলো দূর করা যায়।

এমওএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।